বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) একটি ১০ তলা ভবন নির্মাণ কাজ নিয়ে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি, আলোচিত ঠিকাদার নেছার আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উচ্চ আদালতের নির্দেশে ৩০ মার্চ বুধবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
নেছার আহমদ কেজিডিসিএলের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মেটকো কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক। এর আগেও কয়েকটি মামলায় নেছার আহমদ কারাগারে ছিলেন।
গত ১৩ ফেব্রুয়ারি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ আলম।
মামলার অন্য আসামিরা হলেন- কর্ণফুলী গ্যাসের অবসরপ্রাপ্ত সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আনিছ উদ্দিন আহমেদ শামীম (৬১), তার স্ত্রী কামরুন নাহার পলি (৫০), আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান নুর সিন্ডিকেটের স্বত্ত্বাধীকারী নুর মোহাম্মদ (৬২)। সূত্র : জাগো নিউজ












