চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। একই সঙ্গে আরও চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তার মধ্যে মো. মনিরুজ্জামান ও মো. মুশফেকুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। অপর তিনজন ১৭তম ব্যাচের কর্মকর্তা। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ মর্যাদা লাভ করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা প্রদান করা হয়েছে। তারা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।
এর মধ্যে মো. দেলোয়ার হোসেন মিঞা ১২তম এবং এ কে এম আওলাদ হোসেন ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। পদোন্নতি ও পদমর্যাদা বৃদ্ধির এ সিদ্ধান্তকে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।














