১৬ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ফুডপান্ডাকে বয়কট করলেন রেস্তোরাঁ মালিকেরা

কমিশন, বিভিন্ন চার্জ ও একতরফা ব্যবসায়িক নীতিমালার কারণে রেস্তোরাঁ পরিচালনায় আর্থিক চাপ বাড়ছে—এমন অভিযোগ তুলে চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট করেছেন রেস্তোরাঁ মালিকেরা। দাবি-দাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটিকে দেওয়া আলটিমেটামের মেয়াদ শেষ হলেও কোনো সাড়া না পাওয়ায় বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের বারকোড ফুড জাংশন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনজুরুল হক।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, ফুডপান্ডার কমিশন ও বিভিন্ন চার্জ নিয়ে আপত্তি জানিয়ে প্রতিষ্ঠানটিকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবির বিষয়ে কোনো সমাধান না আসায় রেস্তোরাঁ মালিকেরা বয়কট কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডার কমিশন কাঠামো, অতিরিক্ত চার্জ এবং একতরফা ব্যবসায়িক নীতিমালার কারণে পরিচালন ব্যয় বাড়ছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছানোর সুযোগ থাকলেও কমিশন ও অন্যান্য চার্জ বাদ দেওয়ার পর বিক্রির অর্থ থেকে রেস্তোরাঁগুলোর প্রকৃত আয় নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

তাঁদের মতে, অনলাইন খাবার সরবরাহের প্ল্যাটফর্ম ব্যবসা সম্প্রসারণে সহায়ক হলেও অতিরিক্ত কমিশন ও চার্জের কারণে সেই সুবিধা কাজে লাগাতে গিয়ে রেস্তোরাঁগুলোকে বাড়তি আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে।

এ পরিস্থিতিতে কমিশন ও চার্জের কাঠামো পুনর্বিবেচনা এবং রেস্তোরাঁ মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি-দাওয়ার বিষয়ে সমাধান না আসা পর্যন্ত চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার সেবা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুন