বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ এবং শুধু জ্ঞান অর্জন নয়, জ্ঞান সৃষ্টির দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব।
সোমবার (১০ আগস্ট) সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মো. মুহাম্মদ শাহজাহান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আয়োজক কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা নবীন ছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন।
দিনব্যাপী এ আয়োজনের শুরুতে আইআইইউসির ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ভর্তি পরীক্ষায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নবীন ছাত্রী প্রতিনিধিদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বিভাগীয় ব্রিফিং সেশন। এতে নবীন ছাত্রীদের নিজ নিজ বিভাগের একাডেমিক কার্যক্রম, পড়াশোনার পদ্ধতি ও বিশ্ববিদ্যালয়জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। দিনের শেষ আয়োজনে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নবীন ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।














