১৮ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি বহাল, তবুও উচ্ছেদ— সিডিএ’র বিরুদ্ধে নুরুল আলমের অভিযোগ

বায়েজিদ বোস্তামীর বাংলাবাজার এলাকায় বৈধ ভাড়ার চুক্তিনামা থাকার পরও কোনো ধরনের আইনি নোটিশ না দিয়ে দোকান ও বসতঘর উচ্ছেদের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. নুরুল আলম।

বৃহস্পতিবার বিকেলে বায়েজিদ সাংবাদিক ফোরামের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি উচ্ছেদের ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

লিখিত বক্তব্যে নুরুল আলম বলেন, ২০১২ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে প্রতিনিধিত্বকারী সচিবের সঙ্গে বায়েজিদ বোস্তামী সড়কসংলগ্ন জালালাবাদ মৌজার আরএস দাগ নম্বর-২৪৫৮ (অংশ)-এর ৮ দশমিক ৯৯৬ কাঠা ভূমি নিয়ে ২৫ বছর মেয়াদি লিখিত ভাড়ার চুক্তিনামা সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী তিনি নিয়মিত ভাড়া ও আনুষঙ্গিক বিল পরিশোধ করে আসছিলেন বলে দাবি করেন।

তার অভিযোগ, চুক্তির মেয়াদ বহাল থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর সিডিএর লোকজন ও পুলিশ প্রশাসনের সদস্যরা কোনো পূর্ব নোটিশ বা আইনি নোটিশ না দিয়েই সেখানে গিয়ে তার দোকান ও বসতঘর উচ্ছেদ করেন।

নুরুল আলম আরও অভিযোগ করেন, উচ্ছেদের সময় তার ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনায় তার প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তিনি বলেন, “চুক্তি বহাল থাকা অবস্থায় আইনগত কোনো নোটিশ ছাড়া এভাবে উচ্ছেদ করা সম্পূর্ণ বেআইনি। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আর্থিক ও মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছি।”

উচ্ছেদের ঘটনায় প্রধানমন্ত্রীর ও সিডিএ চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করে নুরুল আলম বলেন, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ আদায়ের দাবি জানাচ্ছেন।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী নাজমা বেগম, ছেলে নুর হোসেন মেরাজ, মেয়ে মেহেরুনেচ্ছা মিমসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন