২৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনকল্যাণের রাজনীতিতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান

রাজনীতি শুধু স্লোগান কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় কাজ করা। রাজনীতির মাধ্যমে জনকল্যাণ ও মানুষের সেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকার ঐতিহাসিক বিপ্লব উদ্যানে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা এসব কথা বলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, জাতীয়তাবাদী যুবদলের ৪৮ বছরের পথচলা শুধু একটি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এটি তারুণ্যের প্রত্যয়, সাংগঠনিক ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধের প্রতীক।

তিনি যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুবদলের শহীদ নেতাকর্মীদের স্মরণ করেন।

দীপ্তি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুবসমাজের চ্যালেঞ্জও পরিবর্তিত হচ্ছে। বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের দক্ষতা বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যুবদলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ। দেশপ্রেম, ঐক্য, সততা ও জনকল্যাণের আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে যুবদল অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, যুব-ঐক্য-প্রগতির মূলমন্ত্রে জাতীয়তাবাদী যুবদল এগিয়ে যাবে আপন মহিমায়।

পুষ্পার্ঘ্য অর্পণ ও সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফজলুল হক সুমন, নাসির উদ্দীন চৌধুরী নাসিম ও মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, রাজন খান, তানভীর মল্লিক, জমির উদ্দিন আহমেদ মানিক ও মহিউদ্দিন মুকুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া সহসম্পাদক আতিকুর রহমান, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, জিয়াউল হক মিন্টু, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, মোহাম্মদ ইদ্রিস, সদস্য অধ্যাপক সাইদুল হক শিকদার, থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্যসচিব মোহাম্মদ হাসান ও জাবেদ হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন