বাঙালি সাজে আবারও ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী জয়া আহসান। অফহোয়াইট সুতি শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা আর স্নিগ্ধ অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। তবে শুধু পোশাক ও সাজসজ্জাই নয়, ছবির সাথে জুড়ে দেওয়া গানের কথাও নজর কেড়েছে অনুরাগীদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন জয়া আহসান। ছবির ক্যাপশনে শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্ক্তি তুলে ধরে তিনি লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন, জানে সে জন পিরিতের কি বেদনা…’
প্রকাশিত ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট রঙের সুতি শাড়ি। শাড়ির পাড়ে ধূসর ও গোলাপি নকশা, সাথে মানানসই ব্লাউজ। কানে বড় দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা তার সাজে এনেছে ভিন্ন মাত্রা।
ছবির কোনো কোনোটিতে পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন অভিনেত্রী। আবার কোথাও মৃদু হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন। জমকালো আয়োজন ছাড়াই দেশীয় পোশাকে তার সাবলীল উপস্থিতি ছবিগুলোকে করে তুলেছে আকর্ষণীয়।
এর আগে একই সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার সেই সাজেই একগুচ্ছ স্থিরচিত্র সামনে আনলেন তিনি। ছবিগুলো প্রকাশের পর তার পোশাক ও সৌন্দর্যের প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা।
অন্যদিকে, ক্যাপশনে ব্যবহার করা গানের কথায় রয়েছে প্রেম ও বিরহের অনুভূতি। শাহ আবদুল করিমের গানের এই পঙ্ক্তিগুলো ছবির স্নিগ্ধ আবহের সাথে তৈরি করেছে ভিন্ন এক আবেদন। সাজের কোমলতা আর গানের কথার আবেগময় সুরের এই সমন্বয়ও অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালি ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে নিজেকে উপস্থাপন করেন তিনি। তার পোশাক নির্বাচন ও ভিন্নধর্মী উপস্থিতি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে।














