চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে আইনজীবী ভবনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং চ্যানেল ওয়ানের ক্যামেরাপার্সন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য অমিত দাশের ওপর হামলা চালান।
ঘটনার পর এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী নয়, বরং আইনের শাসনের প্রতিও চরম অবমাননাকর। আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবীরা অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। নির্বাচনসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে আইনজীবী ভবনে গেলে হামলার শিকার হন ওই দুই সাংবাদিক।














