২৩ অক্টোবর ২০২৬

আইনজীবী সমিতি নির্বাচনে সাংবাদিক লাঞ্ছনা, টিজেএসি’র প্রতিবাদ

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের দুই সংবাদকর্মী মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম (টিজেএসি)।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনী সংবাদ সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণের সময় চ্যানেল ওয়ানের চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং ভিডিও জার্ণালিস্ট অমিত দাশের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

টিজেএসি নেতারা জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংবাদ সংগ্রহে কোনো ধরনের বিধিনিষেধ না থাকা সত্ত্বেও সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা ও লাঞ্ছনার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ রয়েছে, এ সময় সাংবাদিকদের ব্যবহৃত ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের নির্বাচনকে ঘিরে উত্থাপিত নানা প্রশ্নের ক্ষোভ গণমাধ্যমকর্মীদের ওপর প্রকাশ করার চেষ্টা অনভিপ্রেত ও উদ্বেগজনক।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম। একইসঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় দেওয়া বিবৃতিতে স্বাক্ষর করেন টিজেএসির সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক লতিফা আনাসারী রুনা।

আরও পড়ুন