জরুরি মেরামত, উন্নয়ন ও সংরক্ষণকাজের জন্য আজ শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কয়েক দফায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর আওতায় রয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকাও।
গতকাল শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিপিডিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সকাল ৬টা থেকে ৯টা
আনন্দবাজার-৩ নম্বর ফিডারের আওতায় মহব্বত আলী স্কুল থেকে এম এ আজিজ মসজিদ মোড়, কৈইস্যা পুকুর দক্ষিণ পাড়, চোট্টলা, কাজীপাড়া, বুধাগাজী মসজিদ, টুইন্না পুকুর পাড়, ভেন্ডাপাড়া, আনন্দবাজার, জাফরখান পাড়া, চান্দারপাড়া, মাসি মাঝির পাড়া, ময়লার ডিপো ও চান্দারপাড়া কবরস্থান থেকে বাকের আলী ফকিরের টেক পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে আনন্দবাজার-৪ নম্বর ফিডারের আওতায় ফুল চৌধুরী পাড়া, আব্বাস পাড়া, চৌধুরী পাড়া, চৌধুরীপাড়া বাজারের পশ্চিম মেরিন ড্রাইভ রোড এবং মোল্লাপাড়া থেকে কৈইস্যা পুকুরের দক্ষিণ-পশ্চিম কর্নার হয়ে তিন রাস্তার মাথা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সকাল ১০টা থেকে ১১টা
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম এলাকার একটি ফিডারের ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় এস এস খালেদ রোড, আসকারদিঘি, কাজীর দেউড়ি, নূর মোহাম্মদ রোড, সার্সন রোড, হেমসেন লেন, পুরাতন বিমান অফিস ও কর্ণফুলী টাওয়ারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে রহমতগঞ্জ-স্টেডিয়াম সার্কিট-১ স্পেয়ার থাকায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে না।
সকাল ১০টা থেকে দুপুর ১টা
স্টেডিয়াম এলাকার আরেকটি ফিডারের আওতায় ক্যাবলিং ও মেরামতকাজ চলবে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ ছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্টেডিয়াম এলাকার আরও কয়েকটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় স্টেশন রোড, চৈতন্য গলি, রেলওয়ে, সিআরবি, অফিসার্স ক্লাব, মোটেল সৈকত, নেভি মিউজিয়াম, অফিস ভবন বিবিবি-মাদারবাড়ী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরমাণু বিভাগ ও নার্সিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিপিডিবি জানিয়েছে, উন্নয়ন ও মেরামতকাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।














