২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় আলোচিত শিশু ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের আলোচিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর সোমবার (১ জুন) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ ফারুক (২৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে। পরে দুপুরে থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ওসি।

গ্রেপ্তার ফারুক উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার আজিজুল হকের ছেলে। পুলিশ জানায়, আলোচিত এ ঘটনার পর অভিযুক্তরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার ফারুক মামলার ৩ নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে স্থানীয় আবু তাহেরের মুদির দোকানে আটকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তাকে পাশের একটি বিলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন— আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন