২৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় তার স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার রাতে নগরীর চকবাজার এলাকার আধুনিক চক সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া এলাকার আব্দুল নবী মেম্বারের ছেলে।

জানা গেছে, নিহত হালিমা আক্তার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সিবাড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ে। ২০২৩ সালের ২৫ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছর বয়সী মিশকাতুল জান্নাত নামে একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকও হয়। হালিমার স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তারা ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সম্প্রতি শ্বশুরের অসুস্থতার কথা বলে হালিমাকে আবার শ্বশুরবাড়িতে নেওয়া হয়।

গত ১০ মে ভোরে মিজানুর রহমান ফোন করে হালিমার পরিবারকে জানান, তিনি আত্মহত্যা করেছেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ঘরের টিনের চালের বীমের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় হালিমার মরদেহ দেখতে পান। পরিবারের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হালিমার পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় হালিমার বাবা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে আনোয়ারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন