২১ অক্টোবর ২০২৬

‘ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে’

আনোয়ারায় চাঁদা না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা

ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় আলী হোসেনের বিরুদ্ধে। দাবি করা চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সামনেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের লোকজনের ওপর ফের হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির ও স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন আহত হয়েছেন। এ সময় প্রতিষ্ঠানের এক পার্টনার স্থানীয় এক সাংবাদিকের ওপরও হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ইউসিপিএলের বাইরে প্রকৌশলী শাহরিয়ার আমিরের ওপর হামলার ঘটনা ঘটে।

আহত প্রকৌশলী শাহরিয়ার আমির অভিযোগ করে বলেন, স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েকবার লোকজন নিয়ে এসে এখানে ব্যবসা করতে হলে তাকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে বলে দাবি করেন তিনি। মালিকপক্ষ তার প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার সকালে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তার পথরোধ করে মারধর করা হয়।

তিনি বলেন, স্থানীয়রা এগিয়ে এলে কোনো রকমে প্রাণে রক্ষা পান তিনি। পরে বিষয়টি কর্ণফুলী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তরা দলবল নিয়ে আবারও তাদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

অভিযোগের বিষয়ে আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগের সূত্র ধরে ওসি স্যারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ দিয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

এদিকে যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে জানানো হলে তিনি বলেন, ‘আলী হোসেন নামে বন্দর কমিউনিটি সেন্টারে কোনো যুবদল নেতাকে আমি চিনি না।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ