২৪ নভেম্বর ২০২৬

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত একাধিক

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সমিতির নেতা ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদত নগর এলাকার বন্দর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ট্রাক মালিক মো. নাছির মিয়া, মো. মনছুর ও মো. কায়ছারসহ আরও কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে নিবন্ধিত দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ওই সমিতির কার্যালয়ের পাশেই ‘বন্দর আনোয়ারা পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতি’ নামে নতুন একটি সংগঠনের কার্যালয় গড়ে তোলা হয়।

গত ১০ অক্টোবর সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত হালনাগাদ কার্যকরী কমিটিতে সভাপতি করা হয় নুরুল আবছার মেম্বারকে। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর ভাই আনিসুজ্জামান চৌধুরী রণির ঘনিষ্ঠজন এবং দশ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি বলে অভিযোগ রয়েছে।

নুরুল আবছার নিয়ন্ত্রিত ওই সমিতির কার্যালয় স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের মাধ্যমে উদ্বোধনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে দিনভর উত্তেজনা চলার পর বিকেলে সংসদ সদস্যের অনুসারী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে কর্ণফুলী থানা ও বন্দর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের পর দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ব্যানারে মো. শাহজাহানকে নতুন সমিতির সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানে তিনি কড়া ভাষায় বক্তব্য দেন।

নতুন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, সমিতির সভাপতি নুরুল আবছার আওয়ামী লীগের হওয়ায় তাঁকে বাদ দিয়ে শাহজাহানকে সভাপতি নির্বাচন করা হয়েছে। নতুন সভাপতির তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সমিতির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে একটি পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করলে যুবদলের কর্মীরা তা প্রতিহত করেন। তাঁদের সমিতিতে আওয়ামী লীগ ও সার পাচারকারীদের স্থান নেই।

স্থানীয় ট্রাক মালিক মো. নাছির মিয়া বলেন, ট্রাক চালিয়ে তাঁকে সংসার চালাতে হয়। আওয়ামী লীগের আমলে বিএনপি করার কারণে নুরুল আবছার তাঁদের বিভিন্নভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করে নতুন সমিতি গঠন করে তাঁদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন নাছির মিয়া।

তিনি বলেন, প্রতিবাদ করায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে মালিক-শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। তাঁদের রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগ-নিয়ন্ত্রিত সমিতির কার্যালয় উদ্বোধন করতে সংসদ সদস্য এসেছেন। এ ঘটনায় দলীয় হাইকমান্ডের কাছে বিচার ও জবাব চান তাঁরা।

দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নুরুল আবছারের মাধ্যমে নতুন সমিতি গঠন করে ট্রাক মালিকদের আগের মতো হয়রানি ও চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে। শুরুতেই বিএনপির সাধারণ কর্মী ও ট্রাক মালিক-শ্রমিকদের পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম বলেন, ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংসদ সদস্যের উপস্থিতিতে আয়োজিত একটি সাংগঠনিক অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন