২২ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গত ১৩ জুন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— একই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তাদের মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় গুরুতর আহত হয় তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিয়াস বড়ুয়া, যাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া দাবি করেন, প্রতিবেশী রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়ার সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ওই লেনদেনসংক্রান্ত কাগজপত্রের খোঁজে এসে হামলার ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। এছাড়া মৃত্যুর আগে এনি বড়ুয়াও হামলাকারী হিসেবে তেজু বড়ুয়ার নাম উল্লেখ করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার আসামির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন