চট্টগ্রামের মিরসরাইয়ে ৫ ভাইয়ের পরিবারের চলাচলের রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দিয়েছেন বড় ভাই। এ সময় বাধা দিতে গেলে হামলায় ছোট ভাই জামাল উদ্দিন (৫৮) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার সাহাব উদ্দিন কোম্পানী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত জামাল মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত জামাল উদ্দিন জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত বড় ভাই সাহাব উদ্দিনের দাবি, জায়গাটি তাঁর নিজস্ব উঠান এবং সেখানে তিনি দেয়াল নির্মাণ করেছেন। অভিযোগে সাহাব উদ্দিনের দুই ছেলে মিজানুর রহমান ও মশিউর রহমানসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জামাল উদ্দিনের দাবি, অভিযুক্তরা তাঁদের ৫ ভাইয়ের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেন। এটা নিয়ে একাধিকবার অনেক বৈঠক হয়েছে। আদালতে মামলা চলছে। কিন্তু বৃহস্পতিবার জোরপূর্বক দেয়াল তুলে পথ বন্ধ করে দেওয়ার সময় আমি বাধা দিলে আমার ওপর হামলা করে। এমনকি থানায় অভিযোগ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জামাল উদ্দিন বলেন, আমাদের বসতবাড়িতে দেয়াল নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় আমি বাধা দিয়েছি। আমি ও আমার ভাইদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। দেয়াল তুলে দেওয়ায় এখন আমাদের পরিবারের সদস্যরা আটকে রয়েছেন। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মহোদয়কে জানানো হয়েছে।
ভুক্তভোগীর আরেক ভাই গিয়াস উদ্দিন বলেন, আমরা প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাড়িতে চলাচলের জন্য এই রাস্তা ব্যবহার করে আসছি। হঠাৎ অন্য ভাইদের সঙ্গে কোনো আলোচনা না করে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। পাশাপাশি নিরাপত্তাহীনতায়ও ভুগছি।
অভিযোগের বিষয়ে সাহাব উদ্দিন বলেন, ওই জায়গা আমার উঠান। আমার জায়গায় আমি দেয়াল নির্মাণ করছি। রাস্তা আমার উঠানের বাইরে করার জন্য তাঁদের বলেছি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ইউনুস বলেন, চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের সময় বাধা দিতে গিয়ে এক ভাইয়ের ওপর হামলার ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিরোধপূর্ণ জায়গায় উভয় ভাইকে যার যার অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন। হামলার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।













