৩০ অক্টোবর ২০২৬

উখিয়ায় ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে টানা চার দিন ধরে গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। এ ঘটনায় জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন ধরে ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। স্থানীয় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাড়ির উঠানে নলকূপ বসানোর জন্য বোরিং করিয়েছিলেন। ওই বোরিংয়ের স্থান থেকেই গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে।

এ ঘটনায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে রাখা হয়েছে। গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার পর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। পরে বিকল্প ব্যবস্থায় সেখানে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

তবে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার দৃশ্য দেখতে মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকসহ দূরদূরান্ত থেকে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইনানীতে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির যে প্রমাণ মিলেছে, তা যথাযথভাবে সংরক্ষণ ও উত্তোলনের ব্যবস্থা করা গেলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। তবে বর্তমানে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ইনানীতে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস এম নাফেফুন আরহাম বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হতে দিতে হবে। নির্গমনস্থলের আগুনের শিখা বন্ধ করা যাবে না। গ্যাসের প্রবাহপথেও বাধা সৃষ্টি করা যাবে না। অন্যথায় গ্যাস ভূগর্ভে জমা হয়ে উচ্চচাপে বিস্ফোরিত হতে পারে এবং আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ১৫ দিন পর্যন্ত গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করতে হবে। প্রবাহ ধীরে ধীরে কমে এলে একসময় তা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যাবে। এ সময়ের মধ্যে প্রবাহ না কমলে বিশেষজ্ঞদের মতামত নিয়ে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ইনানীতে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগুনের উৎসস্থল থেকে ২০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান এবং দিয়াশলাই-লাইটার ব্যবহারসহ আগুনের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আরও পড়ুন