২৩ অক্টোবর ২০২৬

ঈদগাঁও থানায় মদসহ হেফাজতে থাকা কিশোর উধাও, চলছে অভিযান

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের হেফাজত থেকে ৩৫ লিটার চোলাই মদসহ আটক এক কিশোর পালিয়ে গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে সে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে পুনরায় আটক করতে অভিযান চলছে।

পলাতক কিশোরের নাম আব্দুল্লাহ (১৬)। সে রামু উপজেলার উমখালী সওদাগরপাড়ার কালু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ লিটার চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে হেফাজতে রাখা হয়।

শুক্রবার ভোরে থানা হাজতের সেলঘরের সামনে থাকা অবস্থায় প্রস্রাব করার কথা বলে টয়লেটে যাওয়ার ভান করে সে কৌশলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ।

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিশোরকে হাতকড়া পরানো বা সেলঘরে রাখা যায় না। মদসহ আটকের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছিল। কৌশলের আশ্রয় নিয়ে কিশোরটি পালিয়ে গেছে। তাকে পুনরায় হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ