২৩ অক্টোবর ২০২৬

‘বরাদ্দের প্রতিটি টাকার হিসাব রাখা হবে’

আনোয়ারার বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত অর্থের একটি টাকাও অপচয় বা দুর্নীতির মাধ্যমে লুটপাট হতে দেওয়া হবে না। এ খাতে বরাদ্দের প্রতিটি টাকার হিসাব রাখা হবে এবং অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারি করা হবে।

রোববার দুপুরে আনোয়ারার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, উপকূলীয় এলাকার কয়েক শ পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণের কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরের বাজেটেও বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সেই বরাদ্দের অর্থ যাতে যথাযথভাবে ব্যয় হয় এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন। পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের মাধ্যমে বরাদ্দের অর্থের স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, দলের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছে এনসিপি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। এ দুর্যোগ মোকাবিলায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

আরও পড়ুন