আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত সিইউএফএল সার কারখানার রাসায়নিক বর্জ্য মিশ্রিত পানি খেয়ে ৪ গবাদিপশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গোবাদিয়া খালে রাসায়নিক এসব বর্জ্য মিশ্রিত পানি পান করে গরুগুলো মারা যায়।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ওই চার গরু নিয়ে কৃষক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সিইউএফএল’র গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় গরুর মালিক মো. হোসেন, মো. মনির ও সৈয়দ জামাল উপস্থিত ছিলেন। গত বছরও একইভাবে বেশ কয়েকটি গরু মারা গিয়েছিল।
কৃষক মো. হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘সিইউএফএল কিছু দিন পর পর এসব বিষাক্ত পানি খালে ছেড়ে দেয়। আর এসব পানি পান করে আমাদের কারো না কারো গরু মহিষের মৃত্যু হয়। এছাড়া এই বিষাক্ত পানির কারণে এলাকায় কোন প্রকার চাষাবাদ হয় না।’
এ ব্যাপারে বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘সিইউএফএল কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়ার পরেও তারা এসব বিষয় কর্ণপাত করেনা। এখন বিষয়টি আমরা ভূমিমন্ত্রী মহোদয়কে জানাব। মন্ত্রী মহোদয়ের নির্দেশ পেলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।’
জানতে চাইলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) মাঈনুল ইসলাম বলেন, ‘আমরা রাসায়নিক বর্জ্যগুলো খালে ছাড়ার আগে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করি। এরপরেও মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। এই বর্জ্যের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সেটা বিবেচনায় নিয়ে তাদের ক্ষতিপূরণ ও দেয়। সামনে থেকে এই বিষয়ে আমরা আরো সতর্কতা অবলম্বন করব।’













