‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’, ‘আমানত নিয়ে টালবাহানা চলবে না’, ‘ন্যায্য দাবি আদায় না হলে ঘরে ফিরব না’— এমন বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত, ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের ওপর আরোপিত অর্থ কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে আমানতকারীরা বলেন, দীর্ঘদিন ধরে নিজেদের জমানো অর্থ নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।
বিক্ষোভ শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরার কথা রয়েছে।
আন্দোলনকারীরা জানান, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। আন্দোলনকারী শারমিন আক্তার বলেন, ‘অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা চাই, সেই আশ্বাস দ্রুত বাস্তবায়ন করা হোক।’














