২৩ অক্টোবর ২০২৬

আসকার দীঘি রক্ষায় মানববন্ধন, দখল-দূষণমুক্ত করার দাবি

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক আসকার দীঘিকে দখল ও দূষণের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বাঁচাও আন্দোলন।শনিবার (২০ জুন) বিকেল ৪টায় নগরীর জামালখান এলাকায় অবস্থিত আসকার দিঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় ৩০০ বছরের পুরোনো ঐতিহাসিক এ দিঘিটি একসময় এলাকাবাসীর পানির উৎস ও মাছ আহরণের অন্যতম কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে দখল ও দূষণের কারণে দিঘিটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, দিঘির চারপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সুয়ারেজ লাইন সরাসরি দিঘির পানিতে সংযুক্ত থাকায় এটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। কচুরিপানায় ভরে গেছে পুরো দিঘি। শুধু আসকার দিঘি নয়, নগরীর বলুয়ার দিঘি, ভেলুয়ার দিঘি, রাণীর দিঘি, কলসির দিঘিসহ বিভিন্ন পুকুর ও জলাশয়ও দখল ও দূষণের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।

তারা বলেন, নগরীর ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাগর, নদী, পাহাড়, দিঘি, পুকুর ও অন্যান্য জলাশয় দখলকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

চট্টগ্রাম বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়কারী সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং সৈয়দ সাফাওয়ান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাহেদ বকস, মঞ্জুর রহমান চৌধুরী, আবু মোহাম্মদ মহসিন, আশরাফুজ্জামান স্বপন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, ইমরান হোসেন, মোবারক হোসেন, জয় ভৌমিক ও শাহাদাত হোসেন রুবেলসহ অন্যান্যরা।

আরও পড়ুন