কক্সবাজারের উখিয়ায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত উখিয়া থানা-পুলিশের পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার ও আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আটজনের মধ্যে নিয়মিত মামলার আসামি চারজন, জিআর পরোয়ানাভুক্ত দুজন এবং জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গার নাম মোহাম্মদ আইয়ুব (৩৪)। তিনি উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ (৩৪) নামের আরেক ব্যক্তিকেও কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গভীর রাতে রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে তিন কিশোরকে আটক করা হয়। পরে তাদের পরিচয় ও অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রতিদিনই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













