২০ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে রেল আসার হর্ন শুনেও রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তাঁর বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।

আহতরা হলেন, রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল, তাঁদের এক শিশু সন্তান এবং সিএনজি চালক জয়নাল আবেদীন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজনরা জানান, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় রেল আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হতে চেষ্টা করেন। এ সময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ওসি মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, দুর্ঘটনার আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, দুর্ঘটনায় অটোরিকশাচালকের অসাবধানতা ছিল।

আরও পড়ুন