১৩ অক্টোবর ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরেকজন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিপদাপন্ন হওয়া দুই পর্যটক যুবকের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নিহতের অপরসঙ্গী যুবক। বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি বিপদসংকুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিম (২৩)ও একই এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

লাইফগার্ডের বরাতে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সকলে লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়ালে না নিয়ে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন।এদের মাঝে তিনজন প্রাণান্তকর চেষ্টায় তীরে উঠে আসে। তবে, ইয়াছিন ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।

তিনি আরো জানান, তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনা স্থলে গিয়ে বিপদাপন্নদের উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপর সহযাত্রী ইব্রাহিমকে নানা ভাবে চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সী সেইফ লাইফ গার্ড সদস্যরা মিলে প্রচেষ্টা চালাচ্ছেন। এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজের পুরো পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের সাথে আলাপ হয়েছে। তারা কক্সবাজার আসছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ