১৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসারে অনুমোদন পেল এআইএসটি

চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এআইএসটি) পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগের পাশাপাশি নির্দিষ্ট শিক্ষার্থীদের জন্য প্রথম দুই বছর বিনা বেতনে পড়ার সুবিধা রাখা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় আনোয়ারার কালাবিবির দিঘীর নতুন মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অনুমোদন, শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে আনোয়ারায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদন অনুযায়ী এআইএসটিতে পুরকৌশল (সিভিল) ও তড়িৎ প্রকৌশল (ইলেকট্রিক্যাল) বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।

চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে প্রথম দুই বছর বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন শিক্ষার্থীরা। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেন কোনো শিক্ষার্থী কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীন বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, ‘আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

সংশ্লিষ্টরা মনে করছেন, আনোয়ারায় কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ