৭ অক্টোবর ২০২৬

বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্কের পুরস্কার পেল ফ্যান্টাসি কিংডম

বাংলাদেশের জনপ্রিয় থিম পার্ক ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স অর্জন করেছে ‘বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক’ বিভাগের মর্যাদাপূর্ণ পুরস্কার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পর্যটন বোর্ড’ আয়োজিত ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’-এ কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লিমিটেডের পরিচালিত এই পার্কটি এ স্বীকৃতি লাভ করে।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদ্‌যাপনের অংশ হিসেবে গত ৩ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি কনকর্ড গ্রুপের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

কনকর্ড গ্রুপের পক্ষে উর্ধ্বতন নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই স্বীকৃতি ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সের জন্য একটি বড় মাইলফলক। এটি মূলত বাংলাদেশের পর্যটন ও বিনোদন খাতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অবদান, উন্নত মানের পারিবারিক বিনোদন, আধুনিক ও আকর্ষণীয় রাইড ব্যবস্থা, দর্শনার্থীদের মানসম্মত সেবা প্রদান এবং একটি সমন্বিত অবকাশকেন্দ্র হিসেবে এর অনন্য বিকাশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই আশুলিয়ার সাভারে অবস্থিত ফ্যান্টাসি কিংডম দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনোদনকেন্দ্র হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছে। কমপ্লেক্সটিতে বর্তমানে ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, ওয়াটার কিংডম, হেরিটেজ কর্নার, এক্সট্রিম রেসিং-গো-কার্ট এবং রিসোর্ট আটলান্টিস অন্তর্ভুক্ত রয়েছে, যা পরিবার, পর্যটক ও করপোরেট গ্রুপের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য।

আরও পড়ুন