৩০ সেপ্টেম্বর ২০২৬

বাকলিয়ায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ; মুরাদ বাহিনীর প্রধান গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সংঘর্ষে জড়ানো মুরাদ বাহিনীর প্রধান মো. মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পটিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

মুরাদ নোয়াখালীর হাতিয়ায় উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরে বসবাস করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিজের একটি বলয় গড়ে তোলে। স্থানীয়ভাবে ওই বলয় মুরাদ বাহিনী নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিক্রি করতেন মো. জসিম নামের এক ব্যক্তি। তবে বছরখানেক আগে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।

এরপর মুরাদের কাছ থেকে ইয়াবা নেওয়া বন্ধ করে অন্য উৎস থেকে মাদক সংগ্রহ শুরু করেন জসিম। একপর্যায়ে মুরাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এলাকায় নিজের একটি বলয় তৈরি করেন জসিম। গড়ে তোলেন কিশোর গ্যাং। এরপর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, জায়গা দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ শুরু হয়।

এরই জেরে গত রোববার রাতে নগরের বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানান। আতঙ্কে দোকানপাট বন্ধ করে বাসাবাড়িতে ঢুকে পড়েন স্থানীয় লোকজন। সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জসিমসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পটিয়া থেকে মুরাদ বাহিনীর প্রধান মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন