৭ অক্টোবর ২০২৬

ঝাড়ফুঁকের নামে হাত-পা বেঁধে লাঠিপেটা, কর্ণফুলীতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রতিবন্ধী ছেলেকে ‘সুস্থ’ করতে কবিরাজের পরামর্শে হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বাবা নুর মোহাম্মদকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার নুর মোহাম্মদ চৌকিদারের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কবিরাজের পরামর্শে লাঠির আঘাত করে ঝাড়ফুঁক করার সময় ছেলেটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা আটক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে এক কবিরাজের পরামর্শে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে লাঠি দিয়ে আঘাত করে ঝাড়ফুঁক করছিলেন।

একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল্লাহর মৃত্যু হয় বলে অভিযোগ। স্থানীয়রা জানান, যে কবিরাজের পরামর্শে এভাবে ঝাড়ফুঁক করা হচ্ছিল, তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, ওই কবিরাজ কর্ণফুলীর বড়উঠান-শাহমীরপুরের পাহাড়ি এলাকায় বসবাস করেন।

নিহতের প্রতিবেশী মো. সাকিব বলেন, ‘সকালের দিকে আব্দুল্লাহকে ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় লাঠি দিয়ে আঘাত করতে দেখে আমরা প্রতিবেশীরা তাদের নিষেধ করি। কিন্তু পরিবারের সদস্যরা আমাদের কথা শোনেননি, উল্টো ধমক দেন।’

আরও পড়ুন