চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর তালতল এলাকায় সামাজিক কবরস্থানের পাশ থেকে দিল মোহাম্মদ প্রকাশ দেলোয়ার (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উত্তর বন্দর তালতল এলাকার সামাজিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দিল মোহাম্মদ প্রকাশ দেলোয়ার কর্ণফুলী থানার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি স্ত্রী ও এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের স্ত্রী শামীমা আক্তার জানান, তিনি কেইপিজেডে চাকরি করার সুবাদে গত দুই বছর ধরে স্বামীকে নিয়ে বন্দর আজাদ কলোনির একটি টিনশেড ভাড়া বাসায় বসবাস করছেন। তবে তার স্বামী নিয়মিত বাসায় থাকতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও জানান স্ত্রী।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার সকালে কবরস্থানে জিয়ারত করতে আসা এক যুবক কবরস্থানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ইউপি সদস্য রুমি আক্তারের সহযোগিতায় বিষয়টি কর্ণফুলী থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সূত্রপাত ও মৃত্যুর কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।














