চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
শনিবার (২০ জুন) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শিকলবাহা এলাকা থেকে মো. আব্দুল্লাহ (৩৫) নামে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. নাজিম উদ্দিন এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) জামাল উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ শিকলবাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম বস্তি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কর্ণফুলী থানার মামলা নং-৩৬ (তারিখ ২০ জুন ২০২৬) এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০২৩) এর ১০ ধারায় দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।














