১০ নভেম্বর ২০২৬

কর্ণফুলীতে স্কুলের ফটকে তালা, ভিডিওতে ছাত্রলীগ নেতার কাণ্ড

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের কর্ণফুলীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগানোর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তালা লাগাতে দেখা গেছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেনকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সেন তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্ণফুলী উপজেলা শাখার আহ্বায়ক সাজ্জাদ হোসেন হেঁটে এসে বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এরপর তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর আগে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাঁকে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সেন বলেন, ‘বিকেল ৪টার দিকে ফটকে তালা দেওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। পরে তালাটি ভেঙে ফেলা হয়। তবে এ ঘটনায় সারা দিন শ্রেণি কার্যক্রম পরিচালনায় আমাদের তেমন কোনো সমস্যা হয়নি।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘তালা দেওয়ার বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানায়নি। গত রাতেই আমি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সতর্ক থাকার এবং অনাকাঙ্ক্ষিত কিছু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করেছিলাম। এরপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

আরও পড়ুন