চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাকলিয়ায় বলিরহাট ঘাটকুল স্লুইসগেট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরঘাট নৌ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
নৌ পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তিনি একজন পুরুষ। উদ্ধারকালে তার শরীরে কোনো পোশাক ছিল না। এছাড়া মুখমণ্ডল বিকৃত অবস্থায় ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
সদরঘাট নৌ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।














