কক্সবাজারের উখিয়া থেকে কলার সঙ্গে গিলে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট পাকস্থলীতে বহন করে চট্টগ্রামে আনার সময় কর্ণফুলীতে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা যুবক। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল্লাহ (২৭)।
সোমবার (১৩ জুলাই) সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন।
গ্রেপ্তার আব্দুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০-এর ডি-১ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি বিশেষ কৌশলে পাকস্থলীতে ইয়াবা বহন করে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্টে অভিযান চালিয়ে সন্দেহভাজন আব্দুল্লাহকে আটক করা হয়।
পরে তার মলত্যাগের মাধ্যমে পাকস্থলী থেকে মোট ১,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার করেন, কলার সঙ্গে ইয়াবাগুলো গিলে তিনি চট্টগ্রামে নিয়ে আসছিলেন।
ওসি মো. ইখতিয়ার উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও জানিয়েছেন, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পাকস্থলীতে বহন করে চট্টগ্রামে আনতেন। পরে মলত্যাগের মাধ্যমে সেগুলো বের করে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করা হতো।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।














