২১ অক্টোবর ২০২৬

কাজীর দেউড়ি-নতুন ব্রিজে ৬০০ অবৈধ টং দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৬০০ অবৈধ ভাসমান টং দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১২ আগস্ট) বিকেলে কাজীর দেউড়ি মোড়, চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর এবং ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চসিকের জনসংযোগ বিভাগ জানায়, কাজীর দেউড়ি মোড় এবং চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাতসহ প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় দোকানের বাক্স, টুল-টেবিল ও রিকশাভ্যানসহ বিভিন্ন সরঞ্জাম চসিকের ট্রাকে তুলে নেওয়া হয়।

এ ছাড়া পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হয়। সেখানে শতাধিক অবৈধ টং দোকান অপসারণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

উচ্ছেদ অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়। এ সময় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি নর্দমা ও জমে থাকা পানি পরিষ্কার, ময়লার ভাগাড় উচ্ছেদ এবং ড্রেনে জমে থাকা পানি নিষ্কাশন করা হয়।

চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নগরের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ