২২ অক্টোবর ২০২৬

কাভার্ড ভ্যানের গোপন চেম্বারে মিলল ৭১ লাখ টাকার ইয়াবা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি কাভার্ড ভ্যানের গোপন চেম্বার থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নাজমুল হক (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানার ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বাঁশখালী-আনোয়ারা সড়ক থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি করা লোহার গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা। অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা, জব্দ করা কাভার্ড ভ্যান এবং গ্রেপ্তার ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন