কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দুই বছর পর চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার মো. বাহাদুর মিয়ার বয়স ৩৫ বছর। তিনি ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আর এম মোজাফফর হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. বাহাদুর মিয়া চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় আত্মগোপনে রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানের একপর্যায়ে আকবর শাহ থানার ফয়’স লেক এলাকা থেকে বাহাদুর মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৭ জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মো. বাহাদুর মিয়াকে গাজীপুরের কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।














