পুলিশ কর্মকর্তাদের সই-সিল, কিউআর কোড— সবই ছিল। কিউআর কোড স্ক্যান করলে আবার বাংলাদেশ পুলিশের আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটে দেখা যাচ্ছিল সনদ। এভাবেই লাখ টাকায় জাল পুলিশ ক্লিয়ারেন্স বিক্রি করে আসছিল একটি চক্র। অবশেষে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে চট্টগ্রাম নগর ও বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আশরাফ আলী খান, মো. নিশান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও মো. আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাঁশখালীর জাকির হোসেনের কাছ থেকে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার কথা বলে ১ লাখ ২৩ হাজার টাকা নেয় চক্রটি। পরে তাঁকে এমন একটি জাল সনদ দেওয়া হয়, যা দেখে সাধারণভাবে বোঝার উপায় ছিল না সেটি ভুয়া।
ট্রাভেল এজেন্সিতে সনদ জমা দেওয়ার পর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এরপর জাকিরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েদ কাউসার বলেন, চক্রটিতে দালালের পাশাপাশি অনলাইনে কিউআর কোড ও ভুয়া ওয়েবসাইট তৈরিতে দক্ষ সদস্য রয়েছে। গ্রেপ্তার চারজন মূলত দালাল। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ১ লাখ ২৩ হাজার টাকার এই জাল সনদ তৈরি ও ভুয়া ওয়েবসাইটে প্রদর্শনের পেছনে খরচ হয়েছে মাত্র প্রায় ৩ হাজার টাকা। বাকি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিল চক্রটির লাভ।
বিদেশগামীদের দালালের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স না নিয়ে নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে পুলিশ।














