২১ অক্টোবর ২০২৬

কৃষকদের সমস্যা সমাধানে কাজ করছেন সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষক কার্ড প্রবর্তনের মূল লক্ষ্য হলো দেশের কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষি খাতে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত সেবা ব্যবস্থা গড়ে তোলা।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের মধ্যম কচুয়াই ব্লকে কৃষক কার্ডের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন। কৃষক কার্ড চালু হলে দেশের কৃষকদের একটি সমন্বিত তথ্যভাণ্ডার সরকারের কাছে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মূল্য কারসাজি নিয়ন্ত্রণ সহজ হবে এবং কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।

তিনি জানান, কৃষক কার্ড বিতরণে জমির মালিকানার ভিত্তিতে কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো—ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষক। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষক কার্ড বাস্তবায়ন করা হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রি-পাইলটিং, এরপর পাইলটিং এবং সর্বশেষ দেশব্যাপী কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে সারাদেশে কৃষক কার্ডের জন্য প্রায় ৪৫ হাজার আবেদন জমা পড়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি কৃষক এই কর্মসূচির আওতায় আসবেন।

তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণ এবং অন্যান্য সরকারি সেবা প্রকৃত কৃষকদের কাছে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রহিম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় কৃষকেরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ