চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় সাত বছরের শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় মো. আল আমিন (৪৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যার আলামত গোপন ও মরদেহ সরিয়ে ফেলার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা পুতিহারা এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর সকালে নগরের হালিশহর থানার গলিঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শিশু মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।
পরে ঘটনাটি আড়াল করতে তার মরদেহ পাশের বেড়িবাঁধ-সংলগ্ন একটি খালে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহত শিশুটির বাবা মো. মাহাবুব হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৭ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১০ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো।
আদালতের বেঞ্চ সহকারী মো. শহীদুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আল আমিনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় অপরাধের আলামত গোপন এবং মরদেহ সরিয়ে ফেলার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।













