২৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

গাজীপুর মহানগর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি পুকুর থেকে প্রায় ১২০ মণ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

রোববার (১০ মে) গাছা থানার উত্তর খাইলকৈর এলাকার মোক্তার বাড়ি রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, কয়েকটি মজা পুকুরে কালো ও দূষিত পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে। মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির দেহাংশ, নাড়ি-ভূড়ি ব্যবহার করা হচ্ছিল।

অভিযানকালে বিভিন্ন পুকুর থেকে আনুমানিক ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এ সময় তীব্র দুর্গন্ধে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার প্রমাণও পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযানে কবির হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। স্থানীয় এক অভিযোগকারী জানান, পুকুরের দুর্গন্ধের কারণে আশপাশের অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় গাজীপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সামা এবং প্রসিকিউটর উপস্থিত ছিলেন। পরে জব্দ করা মাছ বিধি মোতাবেক ধ্বংস করা হয়।

আরও পড়ুন