চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মার্কেটটির চতুর্থ তলার একটি আর্টিফিশিয়াল ফুলের দোকান ও গুদামে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, প্রাথমিকভাবে আগুন একটি দোকানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আগুন লাগার সময় মার্কেটে বিদ্যুৎ ছিল না বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। পরবর্তীতে তারা ও কোতোয়ালি থানা-পুলিশ ফায়ার সার্ভিসকে সহায়তা করে।
নগরের নন্দন কানন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাকসুদ রানা বলেন, ‘গোলাম রসুল মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে নন্দন কানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। বিকাল ৩টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলমান আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।’
এদিকে আগুন লাগার পর মার্কেটের ভেতরে কয়েকজন মানুষ আটকে পড়ার আশঙ্কায় অনেকে সিঁড়ি দিয়ে ছাদেব গিয়ে অবস্থান নেন। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি সিগারেটের আগুন থেকে সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।














