২১ অক্টোবর ২০২৬

ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মিয়ানমারের ৮ নাগরিক গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬-এর ১৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির নায়েব সুবেদার মো. মিরাজ আলী ভূঁইয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার-৪১ থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিম-দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে অবস্থানকালে ৮ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মংবা তঞ্চ্যংঙ্গ্যা (৩৪), মংম (২০), কিংহ্লা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংছা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) ও মংতা নাইং (২০)। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু জেলার ডেকিবুনিয়া থানার মেদাই ও ওয়াকেং এলাকায়।

বিজিবির দাবি, আটক ব্যক্তিদের কাছে বাংলাদেশে প্রবেশের জন্য প্রয়োজনীয় কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়নি। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, বিজিবির দায়ের করা এজাহারের ভিত্তিতে থানায় এফআইআর নং-০৪/২০২৬ রুজু করা হয়েছে। বিদেশি আইন, ১৯৪৬-এর ১৪ ধারায় মামলা গ্রহণের পর আটক ৮ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তভার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হৃদয় পালের ওপর ন্যস্ত করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য এবং তাদের সঙ্গে কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রশাসনের দাবি, ঘটনার পর সীমান্ত এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ