২১ অক্টোবর ২০২৬

বসতভিটার গাছ নিয়ে বিরোধ

চকরিয়ায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৈত্রিক বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের আগে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন।

অভিযুক্ত আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম পৈত্রিক বসতভিটার গাছ বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করেন। খবর পেয়ে বড় ভাই নুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে নুরুল ইসলামের ওপর এলোপাতাড়ি কোপ দেন। এতে তার পা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে অভিযুক্ত আব্দুর রহিম পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ