২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামকে বন্যামুক্ত করতে খাল পুনঃখননের ঘোষণা ত্রাণমন্ত্রীর

চট্টগ্রামকে বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্ত করতে নগরীর খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী। পাহাড়, নদী, সমুদ্র ও সমতলবেষ্টিত এই নগরীর খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করা হবে। এর ফলে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া সম্ভব হবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পুনর্বাসন কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে।

আরও পড়ুন