২৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের ‌‘এনসিপি বসন্ত’ ছড়িয়ে যাবে সারাদেশে— আশা হাসনাতের

চট্টগ্রামে এনসিপির যে ‘বসন্ত’ শুরু হয়েছে, তা খুব শিগগিরই সারাদেশে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ঢাকায় যখন আন্দোলন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন চট্টগ্রাম থেকেই আবার আন্দোলন শুরু হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। আমরা বিশ্বাস করি, চট্টগ্রামে এনসিপির যে বসন্ত সম্প্রসারিত হয়েছে, সেটি দেশের প্রতিটি জেলা-উপজেলা, হাট-মাঠ-ঘাটে ছড়িয়ে যাবে।’

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারে এসে সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। ওয়াসিম, আবু সাঈদ, মীর মুগ্ধরা যে কারণে রক্ত দিয়েছিল, বিএনপি এখন সেই জায়গা থেকে সরে আসছে।

হাসনাতের দাবি, বিএনপির তৃণমূলের অনেক নেতাকর্মী বর্তমানে এনসিপির প্রতি সমর্থন জানাচ্ছেন। তিনি বলেন, ‘বিএনপির অসংখ্য নেতাকর্মী আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে। তারা বলছে, ১৭ বছর দলটির জন্য শ্রম-ত্যাগ করেও আজ দলটি আওয়ামী লীগের দ্বারা হাইজ্যাক হয়ে গেছে।’

নেতাকর্মীদের উদ্দেশে এনসিপির এ নেতা বলেন, ‘প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। মানুষকে সংগঠিত করতে হবে। নীরবে একটি বিপ্লব ঘটে যাচ্ছে। এনসিপির দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে হবে।’

নারী নেতৃত্ব প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই আন্দোলনে চট্টগ্রামের বহু নারী রাস্তায় নেমেছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের সংগঠিত রাখা যায়নি।’ তাই নারী নেত্রীদের পুনর্গঠিত করে সক্রিয় রাজনীতিতে যুক্ত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘পুনর্গঠনের মধ্য দিয়েই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ