চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম নগর ও সিডিএর স্বার্থ রক্ষায় আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালন করে নগরবাসীর কল্যাণ ও চট্টগ্রামের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
রোববার (১৪ জুন) ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও এখনও জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার মতো সমস্যায় ভুগছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, গ্যাস বিভাগ, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে সিডিএ।
তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনদুর্ভোগ কমানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সিডিএ চেয়ারম্যান আরও বলেন, পাহাড়, জলাধার ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণকে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হবে। নগর পরিকল্পনায় বৈজ্ঞানিক ও যুগোপযোগী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, গবেষক ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
অপরিকল্পিত উন্নয়ন দীর্ঘমেয়াদে জনস্বার্থের পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে সুশাসন, পরিকল্পনা ও জবাবদিহিতার ভিত্তিতে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। নগরবাসীকে একটি উন্নত, নিরাপদ ও টেকসই শহর উপহার দেওয়াই হবে তার প্রধান অঙ্গীকার।
এ সময় তিনি চট্টগ্রামের স্বার্থ ও সিডিএর মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।














