২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডিডিএন অফিসে হামলার ঘটনায় ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি ও চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সিএমপি জানায়, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এর দুই দিন পর, ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানার চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়।

তারা অফিসে ব্যাপক ভাঙচুর করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ সময় হামলাকারীরা অফিসের নগদ ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়েরের পর সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় চকবাজার থানা, সিএমপির একাধিক বিশেষ টিম এবং র‌্যাব-৭ যৌথভাবে অভিযান চালায়।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলায় শনাক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সিএমপির এডিশনাল কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানায়, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, অস্ত্র, মাদক, মানবপাচার, ছিনতাই, ডাকাতি, চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক মামলা রয়েছে। তবে অভিযানে একজন সন্দেহভাজনকে ধরার চেষ্টা চলমান থাকায় তার ছবি প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন