২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১৮

চোখ রাঙাচ্ছে

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরিয়ম বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৯ জন সরকারি হাসপাতালে এবং ৯ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।

সরকারি হাসপাতালগুলোর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। তাদের মধ্যে পাঁচজন ডেঙ্গু হেমোরেজিক ফিভারে এবং একজন ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত। এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গুতে মারা যাওয়া মরিয়ম বেগম নগরের পাহাড়তলী এলাকার কাজী জাহানারা কলোনির বাসিন্দা। তিনি গত ১০ জুলাই নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এবং ১১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসকদের মতে, ডেঙ্গু শক সিনড্রোম ও মায়োকার্ডাইটিস তার মৃত্যুর প্রধান কারণ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪৪৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৭৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৩৮০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

আরও পড়ুন