২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর, দু’দিনে মৃত্যু ২

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নগরীর আন্দরকিল্লা এলাকায় দোকান পরিচালনা করতেন তিনি। ডেঙ্গু থেকে প্রায় সুস্থ হয়ে ওঠার পর হঠাৎ পেটব্যথা শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইসমাইলের স্ত্রী শাহনাজ পারভীন জানান, শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রায় ১৫ দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন।

মোহাম্মদ ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

ইসমাইলের ভাইয়ের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সুমন জানান, রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আম্মদ নবীর ছেলে কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন তিনি মেয়েকে দেখতে।

দুই দিনের ব্যবধানে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুতে নগর ও জেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ